ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ডা. দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।


আবেদনে উল্লেখ করা হয়, দীপু মনি তাঁর অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ১৬টি ব্যাংক হিসাব অনতিবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।


দীপু মনির ১৬টি অ্যাকাউন্টে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা করা হয়। এর মধ্যে তিনি ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন। বর্তমানে এসব হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।


জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো দীপু মনিও প্রকাশ্যে ছিলেন না। সরকার পতনের দুই সপ্তাহের মাথায় ১৯ অগাস্ট সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।


ads
ads
ads

Our Facebook Page

↑